পূর্বধলায় কিশোরসহ তিনজনকে এসিড নিক্ষেপের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:২৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় তুচ্ছ কথাকাটাকাটির জেরে জুয়েলারি দোকানে ব্যবহৃত এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাগর (১৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) ভোররাত ৩টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের নিজামপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের পাশে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি দোকানের কাজে ব্যবহৃত এসিড শাকিল (১৭)-কে লক্ষ্য করে নিক্ষেপ করেন। এতে ঘটনাস্থলে থাকা আরও দুজন এসিডে দগ্ধ হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাগরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।







