রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় ৪৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১২ জুলাই ২০২৬, ১২:৫০ দুপুর

গাইবান্ধার সাঘাটা উপজেলার পল্টন মোড় এলাকা থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোনসহ শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সাঘাটা থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাকিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ট্রাউজারের পকেট থেকে বিশেষ কায়দায় রাখা ৪৯ পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি টেকনো স্পার্ক স্মার্টফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা।

গ্রেফতার সোহাগ উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের শিমুরতাইড় গ্রামের মৃত আব্দুল মাজেদ ওরফে মাজুর ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঘাটা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, “মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত