বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ভালুকায় বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ


  আবুল বাশার শেখ

প্রকাশ :  ১১ মার্চ ২০২৬, ০৫:১২ বিকাল

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনো পরিশোধ করা হয়নি। ১০ মার্চের মধ্যে এসব পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে আসেন। এর আগেও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে হয়েছে বলে জানান তারা।
কারখানার সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, সামনে ঈদ, আমাদের কেনাকাটার বিষয় আছে। কিন্তু এখনো বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা দেওয়া হয়নি। কবে দেওয়া হবে সে বিষয়েও কেউ স্পষ্ট করে কিছু জানাচ্ছে না।

কাটিং সেকশনের কর্মী ফারুক বলেন, প্রায় তিন বছর ধরে আমরা এখানে কাজ করছি। বেশ কিছুদিন ধরে কারখানায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। ঈদের আগে যদি শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়া হয়, তাহলে আমরা পরিবার নিয়ে কীভাবে চলব। মালিকপক্ষ আমাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী, ভালুকা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

অন্যদিকে শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামীকালের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি একই দাবিতে শ্রমিকরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সে সময় কর্তৃপক্ষ দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় আবারও শ্রমিকরা আন্দোলনে নামেন।

ঘটনার পরেও শ্রমিকরা অবরোধ না ছাড়লে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত