বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

হরমুজ প্রণালিতে নিরাপত্তায় অপরাগতা প্রকাশ মার্কিন নৌবাহিনীর


  আরবান ডেস্ক

প্রকাশ :  ১১ মার্চ ২০২৬, ১১:৩৮ দুপুর

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি হয়ে যাতায়াত করা কোনও জাহাজকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এ কারণে ইতোমধ্যে কয়েকটি জাহাজের নিয়মিত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলেও জানা গেছে।

মার্কিন নৌবাহিনীর নতুন এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য থেকে তেল রফতানিতে দীর্ঘস্থায়ী বিঘ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে অসামঞ্জস্য দেখা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ পানিপথে নিয়মিত জাহাজ পুনরায় চলাচল শুরু করার জন্য এসকর্ট দিতে প্রস্তুত নৌবাহিনী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের শুরু থেকেই সরু এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ রফতানি বাধার মুখে পড়েছে এবং বৈশ্বিক তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

হরমুজ প্রণালির ব্যাপারে গত সপ্তাহেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রণালিটি এখন বন্ধ রয়েছে এবং সেখান দিয়ে কোনও জাহাজ চলাচলের চেষ্টা চালালে গুলি চালাবে ইরান। দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যে কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে।

এর সঙ্গে সংশ্লিষ্ট শিপিং শিল্পের একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে শিপিং ও তেল শিল্পের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে। কিন্তু তারা এসব বৈঠকে জানিয়েছে, আপাতত সামরিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে জাহাজগুলোকে প্রণালিটি অতিক্রম করানোর সক্ষমতা নেই তাদের।

সূত্রগুলো আরও জানিয়েছে, এসব বৈঠকে শিপিং শিল্পের প্রতিনিধিরা প্রায়দিনই নৌবাহিনীর কাছে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে সামরিক নিরাপত্তা চেয়ে অনুরোধ জানাচ্ছে। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত