পূর্বধলায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:৫৫ দুপুর

নেত্রকোনার পূর্বধলায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান।
সভায় জানানো হয়, ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে দিবসের আনুষ্ঠানিক সূচনা হবে। সরকারি ও বেসরকারি ভবন সজ্জিত করা হবে।

দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যে রয়েছে সকাল সাড়ে আটটায় উপজেলা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের সমাবেশ, কুচকাওয়াজ এবং প্রীতি ফুটবল ম্যাচ। শিক্ষার্থীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, হামদ নাত এর আয়োজন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১১টায়।
২৫ মার্চ গণহত্যা দিবসে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও, মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে। ২৫ মার্চ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালিত হবে।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ তালুকদার, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকির ও যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু, উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফুয়াদ খান।।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।







