পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০২:৪২ দুপুর

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রশমন প্রস্তুতি দিবস উপলক্ষে দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পূর্বধলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খানের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান এবং পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে জানমাল রক্ষায় সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও সচেতন করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে আয়োজিত মহড়ায় অংশগ্রহণকারীদের সামনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা বাস্তবধর্মী মহড়া পরিচালনা করেন। মহড়ায় জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা, অগ্নিনির্বাপণ পদ্ধতি এবং উদ্ধার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।







