মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ঢাবি শিক্ষার্থী পাভেলের ওপর হামলার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ মার্চ ২০২৬, ০৮:৩৫ রাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ের সামনে এসএসসি ২০১৮ ব্যাচের বন্ধুমহল ও শ্যামগঞ্জ এলাকার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ২০১৮ ব্যাচের শিক্ষার্থী দিদারুল ইসলাম দীপ্ত, তারিকুল ইসলাম, মাহফুজ রহমান, নাজমুল হোসেন শুভ, আরিফ হুসাইন, আনোয়ার হোসাইন কবির, বিজয় হোসাইন ভুলন ও পিয়েলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, রাহিদ খান পাভেল কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। অভিযোগ করা হয়, গত ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়েছে।

রাহিদ খান পাভেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিদলা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং জালশুকা কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগে অধ্যয়নরত।

বক্তাদের অভিযোগ, সেহরির সময় বুয়েট ক্যাম্পাসের ক্যান্টিনে খাবার খেতে গেলে পাভেলকে কয়েকজন ধরে নিয়ে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা।

বক্তারা আরও বলেন, বাবা হারানো পাভেল কয়েকটি টিউশনি করে নিজের পড়াশোনা ও পরিবারের খরচ চালান। একজন মেধাবী শিক্ষার্থীর ওপর এমন হামলার ঘটনায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত