নকলায় মোবাইল বিরোধে কিশোরকে ছুরিকাঘাত
জাহিদুল ইসলাম
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:০৭ বিকাল

শেরপুরের নকলা উপজেলায় মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে সজিব মিয়া (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সজিব মিয়া উপজেলার বিবিরচর গ্রামের ফারহান মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও আহত সজিবের পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে একটি মোবাইল ফোন হারানো নিয়ে সজিব মিয়ার সঙ্গে একই এলাকার রাহাত মিয়া (২০), পিতা রিয়াজ উদ্দিনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, পরে বিবিরচর বাজার সংলগ্ন একটি মসজিদ থেকে সজিবকে ডেকে গৌরদ্বার বাজার এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নেশাজাতীয় ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর নকলা বাইপাস এলাকার বীজের নিচে নিয়ে গিয়ে রাহাত ও তার সহযোগীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাতে সজিবের পেট গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়ে এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে।
পরে অভিযুক্ত রাহাত মিয়াই রক্তাক্ত অবস্থায় সজিবকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহত সজিবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

_medium_1773227527.jpg)





