পূর্বধলাকে দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়তে চাই: এমপি মাছুম মোস্তফা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৪ বিকাল

নেত্রকোনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাছুম মোস্তফা দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যেখানে যেখানে সহযোগিতা লাগবে, আমি প্রস্তুত আছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূর্বধলাকে দুর্নীতি ও মাদকমুক্ত উপজেলা গড়তে চাই।”
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান খান সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাছুম মোস্তফা বলেন, “নির্বাচনের আগে আমি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি—আমি কোনো দুর্নীতি করবো না এবং আমার কাছে কেউ প্রশ্রয় পাবে না। এজন্য সকল সরকারি কর্মকর্তার সহযোগিতা চাই। বর্তমান সরকারও দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেছে। সকলে মিলে যদি দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত পূর্বধলা গড়তে পারি, এটি বর্তমান সরকারের একটি সাফল্য হিসেবে ধরা হবে।”

মতবিনিময় সভায় হাসপাতাল, রাস্তাঘাটসহ উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মুক্ত আলোচনা হয়। প্রধান অতিথি প্রত্যেকটি দপ্তরে গিয়ে সমস্যা সমাধান এবং সম্ভাব্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমীর অধ্যাপক ছাদেক আহমদ হারিছ, উপজেলা জামায়াতের ইসলামি আমীর জয়নাল আবেদীনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।







