রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় শহীদ মিনারে শ্রদ্ধা জানালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৩ দুপুর

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগ-এর নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দেখা যায়, একুশের প্রথম প্রহরে পূর্বধলা উপজেলার জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পোস্টগুলো করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম ও আরশাদ শেখসহ বেশ কয়েকটি ফেসবুক আইডি থেকে।

এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান আওয়ামী লীগ নেতা ফয়জুর রহমান ঝন্টু জানান, সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এছাড়া নারান্দিয়া ইউনিয়ন ও বিশকাকুনী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগেও পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে জানা গেছে।

তবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে দলটির এ ধরনের প্রকাশ্য কর্মসূচি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

এবিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম বলেন, “পূর্বধলা উপজেলায় নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা-কর্মী শহীদ মিনারে ফুল দিয়েছে-এমন কোনো তথ্য আমাদের কাছে নেই।”

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত