শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শেরপুর সীমান্তে অবৈধ বালু উত্তোলনে অভিযান


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ বিকাল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মালিঝি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার মেশিন ধ্বংস ও পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝি নদী থেকে কয়েকদিন ধরে প্রভাবশালী ব্যক্তিরা শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছেন। এতে নদী রক্ষা বাঁধ ও আশপাশের জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভোরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্যালো ইঞ্জিনচালিত দুইটি ড্রেজার ধ্বংস ও ১ হাজার ফুট পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক বলেন, অনুমতি ছাড়া কৃষিজমি বা নদী-জলাশয় থেকে বালু-মাটি তোলা অবৈধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কোনো অনিয়ম ধরা পড়লে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত