কেশবপুরে স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নকর্মী নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪১ দুপুর

যশোরের কেশবপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নকর্মী নিয়োগের প্রতিবাদে ও জালিয়াতি চক্রের হোতাকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কেশবপুর প্রেসক্লাবে মিলনায়তনে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভরতভায়না এ.বি.জি.কে ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: রহমাতুল্যাহ, বলেন আমি ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। যোগদানের পর একটি জালিয়াতি চক্র আমার স্বাক্ষর জাল করে কেয়া খাতুন নামে এক ‘পরিচ্ছন্নতা কর্মী’ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। যা আমি জানি না। আজই নিয়োগের কিছু কাগজপত্র হাতে পেয়ে জানতে পারি আমার স্বাক্ষর জাল করা হয়েছে। বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণসহ তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং জালিয়াতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ‘পরিচ্ছন্নতা কর্মী’ এম.পি.ও ভুক্ত হতে না পারে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
তিনি জালিয়াতি চক্রের মাধ্যমে ভূয়া নিয়োগ প্রাপ্ত ‘পরিচ্ছন্নতা কর্মী’ কেয়া খাতুনকে আইনের আওতায় এনে জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেফতারের দাবি জানান।







