আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
মো: মহিউদ্দিন আহাম্মেদ
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ দুপুর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন হবিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় যুক্ত রয়েছেন। সুপ্রিম কোর্টের অভিজ্ঞ এই আইনজীবী পেশাগত দক্ষতা, সততা ও ন্যায়বোধের জন্য পরিচিত। তার সহধর্মিণী অ্যাডভোকেট হেলেনা বেগম মাধবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক মামলায় দীর্ঘসময় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিএনপির আইন সহায়তা প্যানেলের সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, এটি আমার জন্য অত্যন্ত সম্মানের ও দায়িত্বপূর্ণ একটি পদ। আমি আইন, সংবিধান ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
তার এ গুরুত্বপূর্ণ নিয়োগে হবিগঞ্জবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বে ট্রাইব্যুনালের কার্যক্রম আরও কার্যকর ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।







