শেরপুরে অবৈধভাবে সার মজুদের অভিযোগে ট্রাকভর্তি ইউরিয়া সার জব্দ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ দুপুর

শেরপুরের নকলায় সরকারি নীতিমালা তোয়াক্কা না করে অবৈধভাবে সার মজুত ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি রোববার দুপুরে নকলা বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামক একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্যমতে, ঢাকা মেট্রো-ট-২৪-৪০৮৪ নম্বর প্লেটের ওই ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিস ও বিসিআইসির স্টিকার ব্যবহার করে নকলায় আসে। ট্রাকে থাকা প্রায় ২৬ টন ইউরিয়া সারের স্বপক্ষে চালক বা সংশ্লিষ্ট কেউ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
স্থানীয়দের অভিযোগ, নকলা বাজারের সার ডিলার শফিকুল ইসলাম অবৈধভাবে এই সারগুলো মজুত করে কৃষকদের কাছে চড়া মূল্যে বিক্রির পায়তারা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি প্রথমে একটি স্থানে লোড-আনলোড করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুনরায় অন্য জায়গায় সারের বস্তাগুলো সরানোর সময় জনমনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে চালক ও সারের মালিক কোনো সদুত্তর দিতে পারেননি। সারগুলো আশুগঞ্জ থেকে অবৈধ পথে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় পুলিশ ও কৃষক অফিস সারগুলো জব্দ করে।
এ বিষয়ে সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহিদ খান জানায়, অভিযুক্ত দুই ডিলারকে শোকজ করা হয়েছে এবং সরকারি সার গুদাম বাফার কর্মকর্তাদের ডেকে পাঠানো বলে জানান।
এ বিষয়ে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সারের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় আমরা আইনগত ব্যবস্থা নেবো।







