সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় এক রাতে ইউপি চেয়ারম্যানের খামার থেকে ৬ গরু চুরি


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যানের খামার থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। 

রোববার দিবাগত রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের বালুঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল (নান্টু) জানান, বালুঘাটা ফিশারির পাশের খামারে প্রতিদিনের মতো রোববার রাতেও গরুগুলো বেঁধে রাখা ছিল। সোমবার ভোর ৫টার দিকে পাহারাদার খামারের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়, ছয়টি গরুর একটিও নেই। চুরি হওয়া গরুর মধ্যে চারটি বকনা গাভী ও দুটি ষাঁড় ছিল।

তিনি আরও বলেন, “দুর্ভাগ্য! খামারের সবগুলি গরুই চুরি হয়েছে। আমি নিজেই ইউনিয়নের নিরাপত্তার দায়িত্বে আছি। একসঙ্গে এতগুলো গরু চুরি হওয়ায় আমরা হতবাক। এর আগে প্রায় তিন বছর আগে আমার খামারের পাহারাদারকে বেঁধে চারটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।” এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারও ঘটনাস্থলে যান। প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে। তাদের ধারণা, সংঘবদ্ধ চোরচক্র সক্রিয় থাকতে পারে। দ্রুত তদন্ত ও চোরদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

একজন জনপ্রতিনিধির খামার থেকে একসঙ্গে ছয়টি গরু চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত