কেশবপুরে ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলো জামায়াত
আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ রাত
_original_1771088881.jpg)
আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত যশোর-৬ (কেশবপুর) আসনটিতে দীর্ঘ ২৯ বছর পর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বিজয়ী হয়েছেন। তাঁর এ জয়লাভে দলটি দ্বিতীয়বার আসনটি পুনরুদ্ধার করলো। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী ৯১ হাজার ১৮ ভোট পেয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করেন। মোক্তার আলী জয়ী হওয়ার মধ্য দিয়ে ২৯ বছর পর হারানো আসন পুনরুদ্ধার করলো জামায়াত।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ৩২১ ভোট। এ ছাড়া অপর তিন প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের শহিদুল ইসলাম এক হাজার ২৭৫ ভোট, লাঙ্গল প্রতীকের জি এম হাসান ৯৬০ ভোট, ঈগল প্রতীকের মাহমুদ হাসান ৬৫৭ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাতে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুন স্বাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ এর বেসরকারি ফলাফল এ তথ্য জানা গেছে।
যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনটি ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার দুই লাখ ২৬ হাজার ৪২৩ ভোট। ভোট কেন্দ্র ৮১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৩৪৭। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২৩১। বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ১১৬।
অধ্যাপক মোক্তার আলী কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির। এর আগে ১৯৯১ সালে যশোর- ৬ আসন হতে জামায়াত ইসলামী থেকে মাওলানা সাখাওয়াত হোসেন সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ২৯ বছর পর দ্বিতীয়বারের মতো জামায়াতে ইসলামীর প্রার্থী এ আসন থেকে নির্বাচিত হলেন।
১৯৭৯ সালে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে প্রথম বিএনপির প্রার্থী গাজী এরশাদ আলী সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন। এর বাইরে ১৯৮৬ সালে স্বতন্ত্র (আওয়ামী লীগ) আব্দুল হালিম, ১৯৮৮ সালে জাতীয় পার্টির আব্দুল কাদের, ১৯৯৬ ও ২০০১ সালে আওয়ামী লীগের এএসএইচকে সাদেক, ২০০৮ সালে আওয়ামী লীগের শেখ আব্দুল ওহাব, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক, ২০২০ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের শাহীন চাকলাদার, ২০২৪ সালে স্বতন্ত্র আজিজুল ইসলাম (ছাত্রলীগ নেতা) সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ ২৮ বছর যশোর-৬ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামীলীগের পরিচিত ঘাঁটি যশোর-৬ (কেশবপুর) আসনটিতে জামায়াতে ইসলামীর জয়লাভে দ্বিতীয়বার পুনরুদ্ধার হলো। তবে দলের পাশাপাশি অধ্যাপক মোক্তার আলীর ব্যক্তি পরিচয় জয়লাভে সহায়ক শক্তি হিসেবে বেশি কাজ করেছে।






_medium_1771088286.jpg)
