জামায়েতের প্রার্থী ভোটে জিতেই মসজিদে জুমার নামাজে ইমামতি করলেন
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ রাত

শেরপুর-১ (সদর) আসনের জামায়েতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভোটে জিতেই ১৩ ফেব্রুয়ারি শুক্রবার তার গ্রামের বাড়ির মসজিদে জুম্মার নামাজ এর ইমামতি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার পবিত্র জুম্মার দিনে নবনির্বাচিত এমপি হাফেজ রাশেদুল ইসলাম তার নিজ গ্রামের মসজিদে উপস্থিত হয়েছিলেন। এ সময় তিনি নিজেই জুম্মার খুতবা প্রদান করেন এবং অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে নামাজ পরিচালনা করেন।
নামাজ পূর্ববর্তী বক্তব্যে তিনি গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের এই বিজয় একান্তই আল্লাহর রহমত এবং শহীদি মর্যাদার ফসল। আল্লাহ তায়ালা আমাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় দান করেছেন। তাই এই বিজয় নিয়ে অহংকার করার কিছু নেই, বরং এটি আমাদের ওপর একটি বড় আমানত।
তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিজয়কে পুঁজি করে কেউ যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয়। বিশেষ করে আমাদের এলাকার মানুষের বিরুদ্ধে যেন কেউ কোনো অভিযোগ করার সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
পরিশেষে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন যেন আল্লাহ তাকে আমৃত্যু সাধারণ মানুষের সেবক হিসেবে কবুল করেন।







