তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
এস এম হোসেন আলী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৮ বিকাল

ময়মনসিংহ হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর বটতলা নামক এলাকায় সড়ক পারাপারের সময় শ্যামলী বাংলা বাসের ধাক্কায় হালিমা নামের ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর বটতলা নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় মধুপুর দারুল উল মাদ্রাসার মুহতামিম মোহাম্মদ ইউসুফ আলীর কন্যা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস বটতলা ও মধুপুরের মাঝমাঝি স্থানে দ্রুত গতিতে আসলে মধুপুর দারুল উলুম মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় ৫ বছরের শিশুটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ মৃত বলে ঘোষণা করেন।
পরে ঘাতক বাসটি গোপালপুর খামার বাজার এলাকায় আটক করেছে স্থানীয়রা, ড্রাইভার বকশীমূল জঙ্গলবাড়ি এলাকায় পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়।
এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশ জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







