ফাহিম চৌধুরী ভোটে জিতেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ রাত

শেরপুর-২ (নকলা-নালিতাবাডি) আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী ভোটে জিতেই তার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে চাঁদাবাজি, দখলবাজি, জুয়া, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এই আসনের নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতা কর্মীদের নিয়ে এক সভায় এ হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি এ সময় বলেন, আমরা যেন কোন ধরনের আসর না জমাই, কোন ধরনের চাঁদাবাজিতে যুক্ত না থাকি, কোন ধান্দামি, দালালি, মাদক ব্যবসার সাথে জড়িত না থাকি। আমি কিন্তু এদেরকে কঠিন হস্তে দমন করবো। এইজন্য আমি জনগণের সহায়তা চাইছি। এই আসনের সকল ধর্ম-বর্ণ মানুষের প্রতি বিশেষ করে হিন্দু ও খ্রিস্টান ধর্মের যারা রয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমি এমপি হয়েছি। আগামীতে আপনাদের নিয়ে সুস্থ সমাজ গঠনে কাজ করে যাবো এবং শেরপুর জেলার মধ্যে নালিতাবাড়িকে আধুনিক মডেল শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।
এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি সন্ধ্যায় নকলা তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন।







