রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কেশবপুরে মৎস্য ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ দুপুর

যশোরের কেশবপুরে অরুণ অধিকারী (৪৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ ধান ক্ষেতের পাশে পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে বারোটার দিকে ওই ব্যক্তি পৌরসভার সাহাপাড়া বাসা সংলগ্ন সড়ক এলাকায় ধান ক্ষেতের পাশে পড়ে ছিলেন। তার মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহ উদ্ধার করে রবিবার পুলিশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানায়, অরুণ অধিকারী শনিবার রাত সাড়ে বারোটার দিকে কেশবপুর শহরের সাহাপাড়ার বাসায় মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। বাড়ির অদূরে একটি ধান ক্ষেতের কাছে তাকে মোটরসাইকেলের নিচে পড়ে থাকতে দেখা যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত এক বছর আগে তিনি দেশে ফিরে মাছের ঘেরের ব্যবসা করতেন। অরুণ অধিকারীর বড় ভাই অশোক অধিকারী বলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিপন রায় বলেন, মৃত অবস্থায় তাকে রাত ১টার দিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত