ভোটের একদিন পর ইসিতে শেরপুর-১ আসনে ‘ভোট কারচুপি’র অভিযোগ বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কার
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ রাত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একদিন পর শেরপুর-১ (সদর) আসনের বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা নির্বাচন কমিশনে ব্যাপক অনিয়ম ও ‘ভোট ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং পুনঃভোটের দাবি জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আনুষ্ঠানিক অভিযোগ তুলেছেন।
ডাঃ প্রিয়াঙ্কা অভিযোগ তুলে বলেন, পরিকল্পিতভাবে তাঁর নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর ভোটের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। তাঁর অভিযোগ অনুযায়ী, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করার পরিবেশ তৈরি করা হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, লাঙল প্রতীকের প্রার্থীর এজেন্টরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে অনৈতিক সমঝোতা বা ‘ম্যানেজ’ করেছে। উল্লেখ্য, এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মো. মাহমুদুল হক মনি।
ডাঃ প্রিয়াঙ্কা আরও বলেন, “ভোটকেন্দ্রে অন্যান্য দলের এজেন্টরা নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারলেও বিএনপির এজেন্টদের নানা উপায়ে হুমকি ও চাপের মুখে রাখা হয়েছে। এমনকি হিন্দু ভোটারদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে এবং একাধিক কেন্দ্রে তাঁদের কার্যক্রম ব্যাহত করা হয়েছে।”
তাঁর দাবি, ভোটের দিন ইচ্ছা করে ভোটারদের দীর্ঘ সময় লাইনে আটকে রাখা হয়েছিল, যাতে ভোটদানের গতি কমে যায় এবং শেষ পর্যন্ত ভোটের হার কম পড়ে। পুরো বিষয়টিকে তিনি একটি ‘পরিকল্পিত কৌশল’ হিসেবে অভিহিত করেন।
নির্বাচনের দিন এসব অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে অসংখ্যবার ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি বলে অভিযোগে বলেন।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ৭৮ হাজার ৩৪২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তবে প্রিয়াঙ্কা এই ফলাফল মেনে না নিয়ে নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত রেখে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, প্রকৃত জনমত প্রতিফলিত হয়নি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় ভোট গ্রহণই একমাত্র সমাধান।
এ বিষয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, নির্বাচন কমিশনে অভিযোগের বিষয়ে আমি ঢাকায় আছি আগামীকাল শেরপুর এসে প্রমাণপত্র সহ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

_medium_1771088881.jpg)




_medium_1771088286.jpg)
