শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে পূর্বধলায় বিক্ষোভ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:০১ রাত

শ্রী রামচন্দ্রের অবমাননা এবং দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।
শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে পূর্বধলা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তরুণ কুমার রায়। বক্তব্য দেন পরিষদের সহসভাপতি জীবন কৃষ্ণ দে, সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র কর, সদস্য রঞ্জিত কুমার আদিত্য ও শিপক চন্দ্র দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সিনিয়র সদস্য দীপক সরকার।
বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, উপাসনালয়ের বিরুদ্ধে হুমকি এবং সাম্প্রদায়িক উসকানি দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য হুমকি। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ ছাড়া দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন।






_medium_1781792830.jpg)
