বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে হামলার শিকার পল্লী বিদ্যুৎ কর্মীরা, গ্রেপ্তার ২


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৭ জুন ২০২৬, ০৬:৪৯ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বকেয়া বিদ্যুৎ বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, নগদ অর্থ ছিনতাই এবং তাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নিয়মিত অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, শ্যামগঞ্জ সাব-জোনাল অফিসের একটি দল অভিযানের সময় একটি আবাসিক মিটারে কয়েক মাসের বকেয়া বিল এবং মিটারের সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের আলামত দেখতে পায়। পরে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করলে স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের দাবি, হামলায় কয়েকজন কর্মী আহত হন। এ সময় মাঠপর্যায়ে আদায় করা রাজস্বের নগদ ১ লাখ ২৫ হাজার ৫০৩ টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং কিছু সময়ের জন্য কর্মকর্তা-কর্মচারীদের একটি ঘরে আটকে রাখা হয়।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ বিভাগের কর্মীদের উদ্ধার করে।

এ ঘটনায় নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ও বিদ্যুৎ আইনের বিভিন্ন ধারায় রুজু করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই নারী আসামি নুরুন্নাহার (৪২) ও আইরিন বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সরকারি কাজে বাধা, হামলা ও অর্থ ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত