বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে প্রাণ গেল শিশুর


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৬ জুন ২০২৬, ০৯:৪৪ রাত

নেত্রকোণার পূর্বধলায় নানাবাড়িতে বেড়াতে এসে নালার পানিতে পড়ে হুমায়রা আক্তার (১৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কন্দর্প বাশাঁটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়রা আক্তার বারহাট্টা উপজেলার সুসং ধোবাহালা গ্রামের বাসিন্দা মো. কাইয়ুম ও ফাহিমা আক্তার মীম দম্পতির মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জুন হুমায়রা তার মা-বাবার সঙ্গে পূর্বধলা উপজেলার কন্দর্প বাশাঁটি গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। তার নানা এরশাদ মিয়ার বাড়িতে তারা অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেলে সবার অগোচরে বাড়ি কাছে উত্তর-পূর্ব পাশে ড্রেনের কাছে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় হুমায়রা। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে শিশুটির বাবার দাদা শ্বশুর মহিউদ্দিন (৮০) নালার পানিতে খোঁজার সময় পায়ের সঙ্গে কিছু লেগে গেলে বিষয়টি টের পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নেত্রকোণা সদর উপজেলার হাটখোলা বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত