বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

মাদকের সঙ্গে আপস নয়: এমপি ফয়সল


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৬ জুন ২০২৬, ০৬:১৫ বিকাল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না; সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মাধবপুর বাজারে অবাধে গবাদিপশুর চলাচলের বিষয়টিও আলোচনায় আসে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানাকে নির্দেশনা দেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত