আমি লজ্জিত হে প্রিয় কংশ নদ
সফিউল্লাহ সুমন
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৭:০২ বিকাল

প্রিয় কংশ নদ, আমি লজ্জিত!
আমি আজ দুঃখ ভারাক্রান্ত
আমি ভীত, আমি শঙ্কিত
আমি আজ জলন্ত অগ্নিশিখা।
তোমার বুকে যত জল আছে
নিভাতে পারবে না সে বহ্নিশিখা।
কারণ- তোমার বুকেই জ্বলছে আজ
অনির্বান ক্ষোভের আগুন
ঘৃণার দাবানল!
তোমার বুকে যে শিশুরা সাঁতার কাটে
আমিও সাঁতার কেটেছি বহুবার
বহু দিন, বহু মাস, বছর।
জন্মেছি তোমার তীরে
হৈ-হুল্লোড় করেছি, হেসেছি, খেলেছি
শীতল করেছি দেহ মন
তোমার বুকে অবগাহনে।
আজ তোমার তীরেই একদল নরপিশাচ
নিছা মনি-কে করেছে ক্ষত-বিক্ষত
করেছে অমানবিক আচরণ
ছুড়ে ফেলেছে তার নিথর দেহ তোমার বুকে!
একটা হাহাকার চারদিকে
ক্রন্দন রোল আকাশে বাতাসে
মূহূর্তেই শুকিয়ে গেছে সব জল
তোমার বুকে নেমেছে আজ
এ কী অভিশপ্ত খরা
এ কী শূণ্যতা!
তুমি তাকে লুকিয়ে ফেল নি বলেই
আজ আমরা জানি-
নিছামনি’কে তুমি গিলে খাও নি
খেয়েছে নর পশুর দল
আর কলঙ্ক দিতে চেয়েছিল তোমায়!
কিন্তু তুমি মেলে ধরেছো সত্য
মুখোশ খুলে দিয়েছো সব নর পশুদের।
তুমি বয়ে চলা এক নদী
তোমার স্রোত ভাসিয়ে নিয়ে যায় নি মানবিকতা
আর আমরা প্রতিনিয়ত পদদলিত করছি মনুষ্যত্ব।
তোমার কাছে আজ মিনতি-
তোমার স্রোত ভাসিয়ে নিয়ে যাক সব জঞ্জাল
ধুয়ে-মুছে সাফ করুক সমাজের সব কঙ্কাল।


_medium_1781435415.jpg)

_medium_1777534043.jpg)
_medium_1777533169.jpg)
_medium_1775726722.jpg)
