আইইডিসিআরের নতুন পরিচালক পূর্বধলার ডা. কাজী আহম্মেদ জাকী
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৩:০৯ দুপুর

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার কৃতি সন্তান ডা. কাজী আহম্মেদ জাকী।
গত ১৫ জুন বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীনের বদলিজনিত বিদায়ের পর একই দিনে তিনি নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে আইইডিসিআর অডিটোরিয়ামে বিদায় সংবর্ধনা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন এবং নবনিযুক্ত পরিচালক ডা. কাজী আহম্মেদ জাকীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

নিজের বক্তব্যে ডা. কাজী আহম্মেদ জাকী অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “আইইডিসিআর একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ পরিবারের নাম। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। আমরা সবাই মিলে জনস্বাস্থ্য সুরক্ষা, গবেষণা ও রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হব।”
অনুষ্ঠানে সঞ্চালনা করেন আইইডিসিআরের মেডিকেল অফিসার (এপিডেমিওলজি) ডা. মো. ফয়জুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তা আমিনা আক্তার, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট কাজী মাছুম ও মোহাম্মদ আলী জিন্নাহ, মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান ও ডা. জাহিদুর রহমান, সহকারী অধ্যাপক ডা. সোহেল রহমান ও ডা. মাহবুবুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মোনালিসা ও ডা. শারমিন সুলতানা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রত্না দাস, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুস্তাক আহমেদ এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক নওশের আলমসহ অন্যান্যরা।

ডা. কাজী আহম্মেদ জাকীর গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আগিয়া গ্রামে। তাঁর পিতা কাজী আবুল ফিদা বাংলাদেশ রেলওয়ের সাবেক প্রধান প্রকৌশলী এবং মাতা হোসনে আরা ফেরোজা জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM)-এর সাবেক মহাপরিচালক।
শিক্ষাজীবনে তিনি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, নটর ডেম কলেজ, ঢাকা এবং রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়ন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি জনস্বাস্থ্য, রোগতত্ত্ব ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি Eastern Mediterranean Public Health Network (EMPHNET)-এর বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার, Field Epidemiology Training Program (FETP)-এর টেকনিক্যাল অ্যাডভাইজর, আইইডিসিআরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ আর্মির আর্মি মেডিকেল কোরে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গবেষণা ক্ষেত্রেও তার রয়েছে উল্লেখযোগ্য অবদান। দেশি-বিদেশি বিভিন্ন জনস্বাস্থ্য গবেষণা প্রকল্পে কাজ করার পাশাপাশি রোগ নজরদারি, প্রাদুর্ভাব তদন্ত এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় দক্ষ নেতৃত্বের পরিচয় দিয়েছেন তিনি।







