শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

স্লুইস গেট সংস্কার ও ঢলক প্রথা বন্ধের দাবিতে পূর্বধলায় কৃষকদের মানববন্ধন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৮ জুন ২০২৬, ০৭:২৩ বিকাল

নেত্রকোণার পূর্বধলার চিত্রং বিলের মুখে অবস্থিত স্লুইস গেট দ্রুত সংস্কার, কৃষিপণ্য বিক্রিতে প্রচলিত ঢলক প্রথা বন্ধ এবং প্রকৃত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতা-কর্মী, কৃষক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের পূর্বধলা উপজেলা সংগঠক সায়েদুর রহমান খান পাঠান (লিংকন), ময়মনসিংহ জেলা সংগঠক আরিফুল হাসান, স্থানীয় সংগঠক রোস্তম আলী, রুবেল মিয়া, সিরাজুল ইসলাম ও নিলয় তালুকদার।

বক্তারা বলেন, চিত্রং বিলসংলগ্ন কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে রয়েছেন। বড়রিয়া ও আলমপুর গ্রামের মাঝামাঝি নির্মিত স্লুইস গেটটি বর্তমানে কার্যকর না থাকায় শুকনো মৌসুমে পানি সংরক্ষণ এবং বর্ষায় অতিরিক্ত পানি নিষ্কাশনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। ফলে বর্ষাকালে বিলের পানি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে কৃষিজমি প্লাবিত করছে।

তাদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষতি হচ্ছে, গবাদিপশুর খাদ্যসংকট তৈরি হচ্ছে এবং বাড়িঘর, সড়ক ও জনপদ পানিতে তলিয়ে যাচ্ছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তি বাড়ছে। অনেক সময় পানি নামানোর জন্য স্থানীয় লোকজন রাস্তা কেটে দেওয়ার উদ্যোগ নেন, যা নতুন করে জনদুর্ভোগ ও সামাজিক বিরোধের জন্ম দেয়।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, পূর্বধলা, শ্যামগঞ্জসহ আশপাশের বিভিন্ন বাজারে কৃষকেরা ধান ও অন্যান্য কৃষিপণ্য বিক্রি করতে গেলে ব্যবসায়ীরা প্রতি মণে ২ থেকে ৩ কেজি পর্যন্ত অতিরিক্ত ফসল ‘ঢলক’ হিসেবে আদায় করেন। এ ধরনের প্রথা বন্ধে আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ দেখা যায় না বলে তারা দাবি করেন।

পরে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গেলে তাকে না পেয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন। 

সংগঠনের নেতারা জানান, পরে ইউএনওর সঙ্গে ফোনে কথা হলে তিনি স্লুইস গেট সংস্কারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া উপজেলা কৃষি ও মৎস্য কর্মকর্তার সঙ্গেও বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো-চিত্রং বিলের স্লুইস গেট দ্রুত সংস্কার, উপজেলার সব বাজারে ধলতা প্রথা বন্ধ এবং প্রকৃত কৃষকদের মধ্যে বিনা মূল্যে আমন মৌসুমের বীজ বিতরণ নিশ্চিত করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত