শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

ভারতে যাওয়ার পথে বাংলাদেশি আটক, মানব পাচারচক্রের দুই সহযোগী গ্রেপ্তার


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ১৮ জুন ২০২৬, ০২:০৩ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মানব পাচারে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন— ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের শ্রী সন্তোষ চন্দ্র দেবের ছেলে শ্রী উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে মো. রাহুল (২২)।
 
বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে উজ্জ্বল চন্দ্র দেব জানান, ভারতের আগরতলায় বসবাসরত তার অসুস্থ বোনকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মোশারফ হোসেন ও রাহুলের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। এ সময় ধর্মঘর বিওপির টহলদল তাদের আটক করে।
 
আটককৃতদের কাছ থেকে বাংলাদেশি ৫০০ টাকা, ভারতীয় ৩০০ রুপি এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়।
 
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জব্বার বলেন, “মাধবপুর সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি বদ্ধপরিকর। অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত