শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলা-কাপাশিয়া সড়কে বালিয়া নদীর তীরে ভাঙনের শঙ্কা, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর


  মো: জায়েজুল ইসলাম

প্রকাশ :  ১৮ জুন ২০২৬, ০১:৪৫ দুপুর

নেত্রকোণার পূর্বধলা উপজেলার পূর্বধলা-কাপাশিয়া সড়কের মেঘশিমুল এলাকায় বালিয়া নদীর তীর ঘেঁষা অংশে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে সড়কের পাশের মাটি ধসে নদীতে বিলীন হওয়ায় যেকোনো সময় সড়কটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে যান চলাচল ব্যাহত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল পূর্বপাড়া (জংলীপাড়া)-কান্দাপাড়া এলাকায় সড়কের একাধিক স্থানে ভাঙনের উপক্রম হয়েছে। সড়কের পাশ দিয়ে প্রবাহিত বালিয়া নদীর দিকে মাটি সরে গিয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়েছে, ফলে সড়কটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

স্থানীয়দের ভাষ্য, এটি পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজারো মানুষ বিভিন্ন ধরনের যানবাহনে এই সড়ক ব্যবহার করে পূর্বধলা উপজেলা সদরসহ বিভিন্ন শিক্ষা, ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন।

তারা জানান, মেঘশিমুল পূর্বপাড়া-কান্দাপাড়া অংশে ব্যাপকভাবে মাটি ধসে নদীতে বিলীন হয়েছে। এছাড়া এই সড়ক দিয়ে প্রায়ই অতিরিক্ত বালুবোঝাই ট্রাক ও লরি চলাচল করায় সড়কের ওপর আরও চাপ সৃষ্টি হচ্ছে। দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় সড়কের মূল অংশ ভেঙে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

এলাকাবাসী দ্রুত ভাঙনরোধ ও সড়ক সংস্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পূর্বধলা উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “পূর্বধলা-কাপাশিয়া সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে পরিদর্শন করে মেরামতের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার খুব শিগগিরই সংস্কারকাজ শুরু করবেন।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত