পূর্বধলায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৭:৪৯ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মো. শাহিন মিয়া (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার বৈরাটী ইউনিয়নের বড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত শাহিন মিয়া বড়রিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘মজিদ’ নামেও পরিচিত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল বিকেল ৪টার দিকে বড়রিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় শাহিন মিয়ার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে মাদক সেবন ও সংরক্ষণেরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহিন মিয়াকে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দণ্ডাদেশ কার্যকর করতে পুলিশ প্রহরায় শাহিন মিয়াকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে অধিদপ্তর।



_medium_1781792830.jpg)



