পূর্বধলায় ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৫:৫৫ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ মিয়া (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৭ জুন) রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার একটি দল বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ারটাইট প্যাকেটে রাখা মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই মো. আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।সোমবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে পূর্বধলা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।




_medium_1780902566.jpg)


