রাজধলা বিল ও সদর এলাকায় পুলিশের বিশেষ অভিযান, অনলাইন জুয়ার অ্যাপসহ মোবাইল জব্দ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০২:৪২ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় অনলাইন জুয়া, ক্ষতিকর গেমস এবং বখাটেদের উৎপাত রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পূর্বধলা থানা পুলিশ।
অভিযানে বেশ কয়েকজন অপ্রাপ্তবয়স্ক কিশোরের মোবাইল ফোনে বিভিন্ন অনলাইন গেমস, বেটিং অ্যাপস এবং অবৈধ ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার সদর এলাকা ও রাজধলা বিল সংলগ্ন বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে কিছু কিশোর-তরুণ বিভিন্ন স্থানে জটলা করে অনলাইন গেমস ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কয়েকটি আড্ডাস্থলে তল্লাশি চালিয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন বেটিং, জুয়া ও বিভিন্ন ক্ষতিকর গেমসের অ্যাপস পাওয়া যায়। পরে মোবাইল ফোনগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট কিশোরদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি তাদের সন্তানদের মোবাইল ব্যবহার ও অনলাইন কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “বর্তমান সময়ে অনেক কিশোর-কিশোরী অনলাইন গেমস, বেটিং ও জুয়ার মতো ক্ষতিকর কার্যক্রমে জড়িয়ে পড়ছে। এতে তাদের পড়াশোনা, মানসিক বিকাশ এবং পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা অর্থের লোভে বা না বুঝে অপরাধের ঝুঁকিতেও জড়িয়ে পড়ছে।”
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানরা মোবাইলে কী ধরনের অ্যাপ ব্যবহার করছে, কার সঙ্গে যোগাযোগ করছে এবং কী ধরনের অনলাইন কার্যক্রমে যুক্ত রয়েছে, সেদিকে নিয়মিত নজরদারি রাখতে হবে। একই সঙ্গে সন্তানদের খেলাধুলা, বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।
ওসি আরও বলেন, “আজকের সামান্য অসচেতনতা আগামী দিনের বড় ক্ষতির কারণ হতে পারে। সচেতন পরিবারই একটি নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। কোনো সন্দেহজনক অনলাইন কার্যক্রম চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
পুলিশের এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছে। তাদের মতে, কিশোরদের মধ্যে অনলাইন জুয়া ও গেমসের আসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। সময়োপযোগী এমন অভিযান এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এ সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।







