পূর্বধলায় নবাগত ইউএনও’র সঙ্গে শহিদুল্লাহ ইমরানের সৌজন্য সাক্ষাৎ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:২৫ রাত

নেত্রকোনার পূর্বধলায় নবযোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা বিএনপির নেতারা।
আজ (৪ মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউএনওর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় তারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় পূর্বধলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে উপজেলার বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। বিএনপির নেতারা উপজেলার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও যানজট নিরসন, সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চুরি-ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান বলেন, পূর্বধলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে প্রশাসন ও রাজনৈতিকসহ সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, নবাগত ইউএনও জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন।
ইউএনও শফিকুল ইসলাম নেতাদের বক্তব্য শোনেন এবং উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন। তিনি প্রশাসনিক সেবার মানোন্নয়ন ও জনভোগান্তি কমাতে দায়িত্বশীলভাবে কাজ করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, বিএনপির সদস্য ফরহাদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানো, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







