পূর্বধলায় বাস-সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়: ১০ মামলায় ৬,৭০০ টাকা জরিমানা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১১:৫১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার চৌরাস্তা বাস ও সিএনজি স্টেশনে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে ১০টি মামলায় মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে উপজেলার চৌরাস্তা বাস ও সিএনজি স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের পর কয়েক দিন ধরে পূর্বধলা সিএনজি স্টেশন থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি ও লোকাল পরিবহনে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন আকস্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানকালে বিভিন্ন বাস ও সিএনজিতে তল্লাশি চালিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে ভাড়ার তথ্য যাচাই করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় চালক ও তাঁদের সহকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ১০টি মামলা করা হয়। একই সঙ্গে জরিমানা হিসেবে ৬ হাজার ৭০০ টাকা আদায় করা হয়।
ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান বলেন, “সাধারণ যাত্রীদের স্বস্তিপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং যাত্রীদের অধিকার সুরক্ষায় উপজেলার বিভিন্ন সড়ক ও পরিবহন স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






