রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

কলমাকান্দা থানার ওসির কথিত অডিও ভাইরাল, প্রত্যাহার ও তদন্ত কমিটি গঠন


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ৩১ মে ২০২৬, ০৫:২৫ বিকাল

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমের একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে অডিওটির সত্যতা ও বিষয়বস্তু যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।
 
শনিবার রাত আটটার পর প্রায় ৪ মিনিট ৪ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে একজন ব্যক্তিকে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দিতে শোনা যায়। সেখানে পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস হিসেবে উল্লেখ করার পাশাপাশি অভিযোগ নিষ্পত্তি ও অন্যান্য বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে শোনা যায়।
 
অডিওতে আরও বলা হয়, পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় বজায় রেখে চলতে হবে এবং কেউ যেন বঞ্চিত না হন। একই সঙ্গে ‘হক মারা’ প্রসঙ্গ টেনে অসাধু আচরণ থেকে বিরত থাকার কথাও উল্লেখ করা হয়।
 
তবে অডিওটি নিজের বলে অস্বীকার করেছেন ওসি মো. আবুল হাশেম। এ বিষয়ে তিনি বলেন, “কীভাবে এ ধরনের বক্তব্য আমার নামে প্রচার হচ্ছে, তা আমি জানি না। আমি এমন কোনো কথা কোথাও বলেছি বলে আমার মনে হয় না। বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি।”
 
এদিকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই জেলা পুলিশের পক্ষ থেকে তা আমলে নেওয়া হয়। পরে ওসি আবুল হাশেমকে প্রত্যাহার করা হয় এবং ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
 
জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, অডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
তিনি আরও বলেন, দুর্নীতির বিষয়ে জেলা পুলিশের অবস্থান ‘শূন্য সহনশীলতা এবং কোনো অনিয়ম বা অসদাচরণ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত