বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ আহত ১০


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ মে ২০২৬, ০৯:০৮ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা থেকে বিকেল ৩টার মধ্যে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত ব্যক্তিদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির বারান্দায় থাকা সুজন মিয়ার ছেলে জুনাইদ (৯) প্রথমে শিয়ালের হামলার শিকার হয়। পরে শিয়ালটি গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে চলাচল শুরু করেন।

আহত ব্যক্তিরা হলেন-জুনাইদ (৯), সুফিয়া (৫০), নজরুল (৪২), অনিক (৭), নাজমুল (৫), ফাতেমা (৮০), আয়েশা (৬০), আছিয়া (৭০), আব্দুল কুদ্দুছ (৫০) ও নজরুল (৪০)। তারা সবাই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামের বাসিন্দা।

পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা বলেন, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানান, বিকেলে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হন। পরে গ্রামের পাশের একটি ঝোপ থেকে শিয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক কাটলেও আহত ব্যক্তিদের পরিবারে উদ্বেগ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত