অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি ঠেকাতে পূর্বধলায় পরিবহন নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় সভা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৯:১৪ রাত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও হয়রানিমুক্ত করতে নেত্রকোনার পূর্বধলা থানার উদ্যোগে পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মে) বিকেল ৪টায় পূর্বধলা থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

সভায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, চাঁদাবাজি প্রতিরোধ, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো থেকে বিরত থাকা এবং অতিরিক্ত যাত্রী পরিবহন না করার বিষয়ে পরিবহন মালিক, শ্রমিক ও চালকদের সতর্ক করা হয়।
এছাড়া ঈদযাত্রায় যাত্রীদের অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়তে সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় শ্রমিক দলের সভাপতি তাহের ফকিরসহ পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঈদকে সামনে রেখে যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, পূর্বধলা থানা এলাকায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের ০১৩২০-১০৪৩২০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।







