দুর্গাপুর–কলমাকান্দায় টেকসই কমিউনিটি ট্যুরিজম উন্নয়নে আরবানের ফোকাস গ্রুপ আলোচনা
আরবান ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৫:২৮ বিকাল

নেত্রকোণা জেলার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় টেকসই কমিউনিটি ভিত্তিক পর্যটন উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) আয়োজন করেছে একটিভিটি ফর রিফরমেশন অব বেসিক নীডস্ -আরবান। গত ২২ ও ২৩ মে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উক্ত এফজিডিতে স্থানীয় পর্যটন ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধি, পর্যটন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় কমিউনিটির প্রতিনিধি, উপজাতীয় জনগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা দুর্গাপুর ও কলমাকান্দার পর্যটন খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনায় উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—স্থানীয় ট্যুর গাইডদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজন, অটো ও মোটরবাইক চালকদের পর্যটকবান্ধব আচরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নতুন পর্যটন সম্ভাবনাময় স্থান চিহ্নিতকরণ, স্থানীয় কমিউনিটি ও উপজাতীয় সংস্কৃতির সঠিকভাবে প্রচার ও সংরক্ষণ, এবং পর্যটন স্পটগুলোতে পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।

এছাড়াও, অংশগ্রহণকারীরা হোমস্টে সুবিধা সম্প্রসারণ ও মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। হোমস্টে সেবা প্রদানকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে। ডিজিটাল প্ল্যাটফর্মে পর্যটন প্রচারণা জোরদার করা, নেত্রকোণা জেলার একটি আপডেটেড ট্যুরিস্ট ম্যাপ প্রণয়ন এবং উপজেলা ও জেলা পর্যায়ে নিয়মিত সেমিনার আয়োজনের বিষয়েও মতামত প্রদান করা হয়।
এফজিডিতে আরবানের পক্ষে কীনোট উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার (ট্যুরিজম এন্ড স্কিলস্) আসাফ উদ্ দৌলা (আশেক)। প্রোগ্রাম মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন ইদ্রিস আলী। এছাড়া স্থানীয় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আরবানের কো-অর্ডিনেটর আবুল আরশাদ।
সভা শেষে বক্তারা এই ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য আরবান সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুর্গাপুর ও কলমাকান্দাকে একটি টেকসই ও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে উপস্থিত অংশীজনেরা আরবানের গৃহীত সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।







