রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় পশুর হাট নিয়ে বিভ্রান্তি ‘হাসিল ফ্রি’র গুঞ্জন নাকচ করলেন ইউএনও, কাল পুনরায় ডাক


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ মে ২০২৬, ০৫:৫৪ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে অস্থায়ী পশুর হাটে ‘হাসিল ফ্রি’ বা খাজনা মওকুফের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফটোকার্ড ও প্রচারণায় দাবি করা হয়, প্রশাসন নাকি এবার হাটগুলো উন্মুক্ত করে দিয়েছে। তবে উপজেলা প্রশাসন এ দাবি সরাসরি নাকচ করেছে।

আজ শনিবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান বলেন, সরকারি তালিকাভুক্ত কোনো পশুর হাট ফ্রিতে উন্মুক্ত করে দেওয়ার আইনি সুযোগ নেই। তিনি জানান, রাজস্ব আদায়ের স্বার্থে আগামীকাল রোববার পুনরায় পশুর হাটগুলোর সরকারি ডাক (নিলাম) অনুষ্ঠিত হবে।

গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর প্রশাসন অস্থায়ী পশুর হাটের প্রকাশ্য নিলাম স্থগিত করে। এরপর থেকেই ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ‘হাসিল ফ্রি’ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এদিকে তালিকাভুক্ত কয়েকটি বাজারে ইতিমধ্যে কোরবানির পশু ওঠা শুরু হয়েছে। কিছু এলাকায় কেনাবেচাও চলছে। এ অবস্থায় সরকারি ডাক সম্পন্ন না হওয়া পর্যন্ত হাসিল না দেওয়ার আহ্বান জানাচ্ছেন প্রচারকারীদের কেউ কেউ।

বিষয়টি নিয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে তিনি প্রশাসনের কাছে হাসিল ছাড়াই বাজারগুলো উন্মুক্ত রাখার অনুরোধ জানিয়েছেন।

তবে প্রশাসন বলছে, সরকারি বিধিমালা অনুযায়ী ইজারাবিহীনভাবে পশুর হাট পরিচালনার সুযোগ নেই। ইউএনও তাসনীম জাহান বলেন, “সরকারি ডাক সম্পন্ন হওয়ার আগে কেউ জোরপূর্বক হাট বসিয়ে অবৈধভাবে হাসিল আদায়ের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনৈতিক বিরোধ ও প্রশাসনিক জটিলতায় সময় পেরিয়ে যাওয়ায় এবার পশুর হাটের ইজারা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সম্ভাব্য ইজারাদারদের আশঙ্কা, ঈদের বাকি সময় কম থাকায় অনেক হাটে আগ্রহী ডাকদাতা পাওয়া নাও যেতে পারে। এতে সরকার রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারে। পাশাপাশি খামারি ও পশু ব্যবসায়ীরাও দুশ্চিন্তায় রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত