রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

জাল কাগজে আমদানি দেখিয়ে মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরা জব্দ


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২৩ মে ২০২৬, ০১:০১ দুপুর

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জাল কাস্টমস কাগজপত্র ব্যবহার করে কাভার্ড ভ্যান ও বালুভর্তি ড্রাম ট্রাকে করে এসব জিরা অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
 
শুক্রবার (২২ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালায় বিজিবির একটি আভিযানিক দল। প্রথমে সকাল ৬টার দিকে একটি বালুভর্তি ড্রাম ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
 
পরে একই এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে আরেকটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করলে সেখান থেকেও জিরা জব্দ করা হয়।
বিজিবি জানায়, তল্লাশিকালে গাড়িগুলোতে থাকা কাস্টমস কর্তৃক প্রদানকৃত Bill of Entry/Export কাগজপত্র যাচাই করে মূল কপির পরিবর্তে নকল কপি পাওয়া যায়। পরে তা জালিয়াতির মাধ্যমে অবৈধ পণ্য পরিবহনের প্রমাণ মিললে জিরাগুলো জব্দ করা হয়।
 
হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
 
জব্দকৃত আমদানি নিষিদ্ধ জিরা যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত