ঈদে বেড়াতে এসে পূর্বধলায় নৌকাডুবিতে নারী ও শিশুর মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৬, ১০:১১ রাত

ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বিষমপুরে গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জামিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে জামিলা আক্তার ও নুসরাত পূর্বধলা উপজেলার বিশকাকুনী-বিষমপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে তারা আরও কয়েকজনের সঙ্গে একটি ছোট কাঠের নৌকায় করে চিকনি বিলে ঘুরতে যান। একপর্যায়ে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।
নৌকাডুবির পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে গুরুতর অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জামিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।
আহত মিম (১২) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামের আসমত আলীর মেয়ে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নৌকাডুবির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকাটির ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






_medium_1780215249.jpg)
