সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ জুন ২০২৬, ০৫:৩০ বিকাল

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (১ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাসনিম জাহান। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনের আসক্তি জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। বিশেষ করে তরুণদের তামাকজাত পণ্যের প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন কোম্পানি নানা কৌশল ও প্রচারণা চালায়। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সভায় তাসনিম জাহান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলের আশপাশে তামাকজাত দ্রব্যের বিক্রি নিয়ন্ত্রণ এবং প্রকাশ্যে ধূমপান রোধে উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত