নালিতাবাড়ীতে হাতি উপদ্রব মোকাবিলায় জরুরি উদ্যোগ নিলেন এমপি ফাহিম চৌধুরী
ক্লোডিয়া নকরেক কেয়া
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৭:১৫ বিকাল

হাতি উপদ্রুত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুরা, বাতকুচি ও মধুটিলা ইকোপার্ক এলাকার হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
পরিদর্শনকালে তিনি জানান, “নালিতাবাড়ীর গারো পাহাড় এলাকাটি পর্যটকদের আকর্ষণ বাড়ালেও বর্তমানে হাতির অবাধ বিচরণ ও আগ্রাসী আচরণের কারণে বিভিন্ন সময় এ এলাকার মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। হাতির আক্রমণের ভয়ে ইতোমধ্যে পর্যটক সমাগমও কমেছে। তাই হাতি ও মানুষের সহাবস্থানের প্রতি গুরুত্ব দিয়ে নতুন আরও কয়েকটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। এছাড়া ৬০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে, যারা সার্বক্ষণিক হাতির অবস্থান পর্যবেক্ষণ করবে। এলাকায় জরুরি সতর্ক সংকেত দেওয়ার জন্য সাইরেন বাজানো ও মাইকিংয়ের ব্যবস্থা করা হবে।
পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এখন থেকে বিকেল ৪টায় মধুটিলা ইকোপার্ক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সকল দর্শনার্থীকে বিকেল ৪টার মধ্যে পার্ক ত্যাগ করতে স্বেচ্ছাসেবক দল সহযোগিতা করবে।
এছাড়াও এ এলাকায় হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে হাতির খাদ্য উপযোগী বাগান তৈরি, হাতির জন্য জলাশয়ের ব্যবস্থা এবং নির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনী নির্মাণের পরিকল্পনাসহ আরও কিছু জনকল্যাণমূলক বিষয় নিয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আশা করছি, এসব পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত সাড়া পাওয়া যাবে।” এ সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সিনিয়র সাংবাদিক এম এ হাকাম হিরা।
পরিদর্শন শেষে “টুগেদার ফর এডুকেশন, অ্যাথলেটিক্স অ্যান্ড মিশন (TEAM)” এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাতকুচি সড়কের পাশে একটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি ফাহিম চৌধুরী। এ সময় তাঁর সহধর্মিণী সানওয়া চৌধুরীও একটি গাছ রোপণ করেন।



_medium_1780215249.jpg)



