বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

মাধবপুরে অবৈধ বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ০৩ জুন ২০২৬, ১২:১৩ দুপুর

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের গোকুলপুর এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
 
মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে ছাতিয়ান রোড সংলগ্ন গোকুলপুর এলাকায় পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
 
অভিযানে অবৈধ বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ধ্বংস ও অকেজো করা হয়। পাশাপাশি প্রায় ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয় এবং একটি এক্সেভেটর থেকে ২টি ব্যাটারি জব্দ করা হয়।
 
অভিযান পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম।
 
এ সময় তিনি বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় জনসাধারণের দুর্ভোগ বাড়ছে।
 
পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অবৈধ বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত