পূর্বধলায় ডিবির হেফাজত থেকে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৫:৩৮ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১ জুন) রাতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের দত্তকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার রাত প্রায় ৯টার দিকে দত্তকুনিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত সুরুজ আলীর ছেলে সম্রাট (৫৮) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়।
ডিবি পুলিশের অভিযোগ, আটকের পর সম্রাটের বড় ভাই ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়াসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ডিবি সদস্যদের ঘিরে ফেলেন। একপর্যায়ে তারা সম্রাটকে ডিবি পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ডিবি সদস্যরা পূর্বধলা থানায় সহায়তা চান।
খবর পেয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য এবং জেলা গোয়েন্দা পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া। তিনি বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আটক সম্রাট পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ এক প্রতিবন্ধী যুবককে মারধর করলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবাংশু কুমার দে বলেন, “গাঁজাসহ আটক সম্রাটকে তার আত্মীয়-স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধভাবে ডিবি পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পলাতক সম্রাট ও ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।






