বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় এমপির মরহুম মাকে নিয়ে পোস্ট বিতর্ক, মুখ খুললেন যুবদল নেতা রানা 


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৩ জুন ২০২৬, ০৪:০৮ দুপুর

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা-এর মরহুম মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার বিরুদ্ধে।

এ ঘটনায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে এমপি মাছুম মোস্তফার মিডিয়া সেল।

বুধবার (৩ জুন) এমপি মাছুম মোস্তফার মিডিয়া সেলের চিফ অব টিম মেম্বার মো. আবু হুজাইফা স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সংসদ সদস্য মাছুম মোস্তফাকে রাজনৈতিকভাবে সমালোচনা করা যে কারও গণতান্ত্রিক অধিকার। তবে তাঁর মরহুম মাকে নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও ন্যক্কারজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবারের সম্মানহানির শামিল।

বিবৃতিতে আবু বকর রানার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, মতপ্রকাশের স্বাধীনতা সবার থাকলেও মৃত ব্যক্তি ও পরিবারের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।

এদিকে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানান, গত ২০ মে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রতিবাদে গতকাল একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তাদের দাবি, ওই ঘটনার পর যুবদল নেতা আবু বকর রানা তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এমপি মাছুম মোস্তফার মরহুম মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে কিছু সময়ের মধ্যেই সেটি মুছে ফেলা হয়।

তবে অভিযোগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আবু বকর রানা তাঁর ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টটি তাঁর অজান্তে প্রকাশিত হয়েছিল।

তিনি লিখেন, “গতকাল আমার ব্যক্তিগত ব্যবহৃত ‘Abu Bakar Rana’ নামের ফেসবুক আইডি থেকে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি জনাব মাছুম মোস্তফা সাহেবের মরহুম মাতাকে নিয়ে একটি নেতিবাচক পোস্ট করা হয়। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গে আমি পোস্টটি মুছে ফেলি।”

পোস্টে তিনি আরও বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সকলের কাছে আন্তরিকভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থী।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত