সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

রোগীদের দুর্ভোগ লাঘবে ডেপুটি স্পিকারের উদ্যোগে কলমাকান্দা হাসপাতালে সোলার প্যানেল স্হাপন 


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ০৭ জুন ২০২৬, ১০:২৯ রাত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সুবিধার্থে একটি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে স্থাপিত এ সোলার প্যানেলটি রোববার সকালে উদ্বোধন করেন হাসপাতালে ভর্তিকৃত রোগীরা।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে জনবল ও অবকাঠামোগত সংকট রয়েছে। অ্যানেসথেসিয়া ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দীর্ঘদিন ধরে প্রসবকালীন সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। ৫০০ এমএ ক্ষমতাসম্পন্ন একটি এক্স-রে মেশিন থাকলেও রেডিওগ্রাফার না থাকায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। একটি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকায় অস্থায়ী চালকের মাধ্যমে সেটি পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া হাসপাতালের পুরোনো সোলার প্যানেল প্রায় পাঁচ বছর ধরে অচল অবস্থায় আছে। প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ওয়ার্ডগুলোতে আলো ও বাতাসের সংকট দেখা দিয়েছিল। গরমের মধ্যে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তি পোহাতে হয়েছিল।
 
সম্প্রতি হাসপাতালটি পরিদর্শনে গিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা প্রত্যক্ষ করেন। পরে রোগীদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে নতুন সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেন। হাসপাতালের অন্যান্য সমস্যার সমাধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
হাসপাতালে ভর্তি রোগী হোসনে আরা বলেন, “হাসপাতালে ঘন ঘন বিদ্যুৎ চলে যায়। অনেক সময় অন্ধকারে থাকতে হয়। ফ্যান বন্ধ হয়ে গেলে গরমে খুব কষ্ট হয়। এখন সোলার প্যানেল হওয়ায় বিদ্যুৎ না থাকলেও রোগীদের কিছুটা স্বস্তি মিলবে। আমরা কায়সার কামালের জন্য দোয়া করি।”
 
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, “বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে রোগীদের কিছুটা ভোগান্তি হচ্ছিল। ডেপুটি স্পিকার মহোদয়ের উদ্যোগে নতুন সোলার প্যানেল স্থাপনের ফলে ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সুবিধা হবে। এতে রোগীরা সরাসরি উপকৃত হবেন।”
 
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “হাসপাতাল পরিদর্শনের সময় আমি দেখেছি বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের অনেক কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে ভর্তি রোগীদের জন্য এটি বড় সমস্যা ছিল। তাদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সোলার প্যানেল স্থাপনের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে হাসপাতালের অন্যান্য সমস্যাগুলো সমাধানের লক্ষে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।”
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত