জনদুর্ভোগ লাঘবে পূর্বধলায় ভাঙা রাস্তা মেরামত করলেন বিএনপি নেতারা
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১০:৩৬ রাত

নেত্রকোনার পূর্বধলায় দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রেলস্টেশন থেকে পূর্বধলা বাজারগামী গুরুত্বপূর্ণ সড়কের একটি ক্ষতিগ্রস্ত অংশ স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে মাটি ও ইটের খোয়া ফেলে সংস্কার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে উপজেলা সদরের স্টেশন রোডের ব্র্যাক অফিস সংলগ্ন সামনে ভাঙা সড়কটির মেরামতকাজ সম্পন্ন করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরানের দিকনির্দেশনায় এবং উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদারের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। সংস্কার কাজের সহায়তা করেন জারিয়া ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ আব্দুল লতিফ তালুকদার (আল্লাদ)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে দীর্ঘদিন ধরে পানি চলাচল করছে। এতে সম্প্রতি মেরামত করা সড়কের নিচু অংশে পানি জমে যায় এবং সেখানে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দেয়।
ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি ঠিকমতো বের হতে পারছে না, ফলে সড়কের ওই অংশে পানি জমে থাকে। এতে সড়কে গর্ত তৈরি হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সংস্কার কাজ চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার, যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার জাহান দর্পন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, জারিয়া ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ আব্দুল লতিফ তালুকদার (আল্লাদ), পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সাইদুর রহমান তালুকদার বলেন, পূর্বধলা বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও স্টেশন বাজারে যাতায়াতের অন্যতম প্রধান এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙাচোরা অবস্থার কারণে রিকশা, ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছিল।
জনদুর্ভোগ কমানো এবং যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে আলহাজ আব্দুল লতিফ তালুকদারের সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণের কষ্টের কথা বিবেচনা করেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় তিনি সড়কটির স্থায়ী সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে বাতিল হওয়া পৌরসভা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।




_medium_1780670909.jpg)


