পূর্বধলায় ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে সিএনজিতে তুলে অপহরণের অভিযোগ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১১:৫১ রাত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক নাবালিকা কিশোরীকে জোরপূর্বক অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের ১৬ বয়সী কিশোর রাস্তা-ঘাটে উত্ত্যক্ত করে আসছিল। সে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে হয়রানি করত বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বাদী পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে দাবি করা হয়েছে।
পরবর্তীতে এ ঘটনার জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং বাদী পরিবারকে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার আগের দিন অভিযুক্ত কিশোরকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরী মাদ্রাসায় যাওয়ার পথে মহিষবেড় জামে মসজিদের সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তার পথরোধ করা হয়। এরপর তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় ভুক্তভোগীর বাবা মসজিদে অবস্থান করছিলেন। তিনি চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন বলে জানান। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর সন্ধান পাননি।
ভুক্তভোগীর পরিবার দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও কিশোরীকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং কিশোরীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।




_medium_1780670909.jpg)


